শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশকুষ্টিয়ায় বিএনপি নেতা রাজুর ওপর হামলা, কুপিয়ে জখমের পর গুলির অভিযোগ

কুষ্টিয়ায় বিএনপি নেতা রাজুর ওপর হামলা, কুপিয়ে জখমের পর গুলির অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
কুষ্টিয়ায় বিএনপি নেতা রাজুর ওপর হামলা, কুপিয়ে জখমের পর গুলির অভিযোগ

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার থানাপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এ হামলা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে রাজুকে কুপিয়ে জখম করে। পরে বাড়ির গেটের সামনে শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, থানার অদূরেই এমন হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রতিফলন। তিনি দাবি করেন, বিষয়টি পুলিশ সুপারকে একাধিকবার জানানো হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজুকে আহত করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে আসে এবং তাদের মুখ ঢাকা ছিল।


ওসি আরও জানান, হামলার সময় রাজু একজন হামলাকারীকে ধরে ফেললেও ওই ব্যক্তি তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে হামলাকারীরা বাড়ির গেট লক্ষ্য করে শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।