শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশটানা বৃষ্টিতে কক্সবাজারে দুই স্থানে পাহাড়ধস, আহত ৩

টানা বৃষ্টিতে কক্সবাজারে দুই স্থানে পাহাড়ধস, আহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
টানা বৃষ্টিতে কক্সবাজারে দুই স্থানে পাহাড়ধস, আহত ৩

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারে পৃথক দুটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া মেরিন ড্রাইভ সড়কের একটি অংশে মাটি ও পাথর পড়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর মাটি ও পাথর পড়ে। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ শুরু করলে অল্প সময়ের মধ্যেই সড়কটি সচল হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


একই দিন দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর মেম্বারঘাটা এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনায় চারটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে অন্তত তিনজন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউনূস জানান, সকাল থেকে টানা ভারী বৃষ্টির একপর্যায়ে হঠাৎ পাহাড় ধসে কয়েকটি বাড়ির ওপর পড়ে, ফলে এ দুর্ঘটনা ঘটে।


কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


স্থানীয়দের মতে, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় ধসের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে মেরিন ড্রাইভ সড়কের পাহাড়ঘেঁষা এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।


এদিকে জেলা প্রশাসন পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় পাহাড়ে বসবাসরত মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পাহাড়ধসপ্রবণ এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করা এবং চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।