জামায়াতের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। অথচ গতকাল ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে সেখানে মব তৈরি করা হয়েছে। জামায়াতকে তিনি ‘হঠকারী দল’ হিসেবে উল্লেখ করে বলেন, সুযোগ পেলে দলটি অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়েছিল। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তাহলে জামায়াত ও এনসিপির মাধ্যমেই তারা ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে এলে বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপিও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
এদিকে রাষ্ট্রপতি কে হচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ বিষয়ে গণমাধ্যমকে জানাবেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।