মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমখেলাইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র-কানাডা

ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র-কানাডা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র-কানাডা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। এবার তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে সমালোচনায় সরব হয়েছে ২০২৬ বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। সোমবার এক যৌথ বিবৃতিতে ফিফার শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ফুটবল সংগঠনগুলো।


ইউএস সকার, কানাডা সকার, ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ) এবং সেন্ট্রাল আমেরিকান ফুটবল ইউনিয়ন (উনকাফ) যৌথ বিবৃতিতে জানায়, তারা বিশ্বজুড়ে নিজেদের সহকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং ফিফায় অর্থবহ পরিবর্তন চায়।


এই অবস্থানের ফলে ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা ইনফান্তিনোকে সমর্থনকারী মেক্সিকোর চেয়ে ভিন্ন অবস্থানে চলে গেল। মেক্সিকো এখনো ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়ে আসছে।


সম্প্রতি বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল তার। পরে অবশ্য পরিকল্পনাটি স্থগিত করা হয়।


এর পরিপ্রেক্ষিতে শনিবার এক বিবৃতিতে ফিফা পাল্টা দাবি করে, কিছু ব্যক্তি ফিফা ও ইনফান্তিনোর অবস্থান দুর্বল করার চেষ্টা করছেন।


তবে সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে একটি চিঠি প্রকাশ করে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তোলে।


চিঠিতে বলা হয়, ফুটবল কোনো এক ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। নেতৃত্বকে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা দাবি করার বিষয় হিসেবেও দেখা উচিত নয়।


ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে এই প্রকাশ্য অবস্থান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ মতপার্থক্যকে আরও সামনে নিয়ে এসেছে। বিশ্বকাপের আগে ইনফান্তিনোর ওপর চাপ শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।