বাবাকে হারিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত পিছিয়ে দিলেন মেসি
বাবা ও দীর্ঘদিনের ফুটবল-সঙ্গী হোর্হে মেসিকে হারিয়ে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আপাতত যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন মেসি।
শনিবার রাতে আর্জেন্টিনায় পৌঁছে মেসি সরাসরি সমাধিক্ষেত্রে যান। সেখানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, সন্তান ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা তার সঙ্গে ছিলেন। অত্যন্ত ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন হয় হোর্হে মেসির শেষ বিদায়।
মেসির পরিবারের পক্ষ থেকে পুরো আয়োজনেই গোপনীয়তা বজায় রাখা হয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল পাঠানো হয়। জাতীয় দলের কয়েকজন কোচিং স্টাফও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রোববার বিকেলে সমাধিক্ষেত্র থেকে বের হন মেসি। এরপর পরিবারের সদস্যদের নিয়ে তিনি একটি সুরক্ষিত আবাসনে যান। ধারণা করা হয়েছিল, সেখান থেকে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠতে মেসি আপাতত পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চান। এ কারণে যুক্তরাষ্ট্রে ফেরার সময়ও পিছিয়ে দিয়েছেন তিনি।
মেসির আর্জেন্টিনায় অবস্থানের খবর ছড়িয়ে পড়লেও স্থানীয় মানুষ ও সংবাদকর্মীরা তার পরিবারের ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান দেখিয়েছেন। সমাধিক্ষেত্রের বাইরে এক ভক্ত তাকে উদ্দেশ করে ‘শক্ত থাকো লিও’ বলে সমবেদনা জানান।
হোর্হে মেসি মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাবাকে হারানোর পর এখন পরিবারের সঙ্গেই সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন আর্জেন্টাইন এই তারকা।