চিকিৎসার পরবর্তী ধাপ নিতে কাল লন্ডনে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
ব্রেন টিউমারের চিকিৎসার পরবর্তী ধাপ নিতে আগামীকাল বুধবার (১২ আগস্ট) লন্ডনে ফিরছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স লন্ডনে যাবেন। সেখানে পৌঁছে প্রায় এক সপ্তাহ বিশ্রামে থাকার পর শুরু হবে পরবর্তী চিকিৎসা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।
জানা গেছে, লন্ডনের পূর্বাঞ্চলীয় বার্কিংয়ে মেয়ে ইমা ইসলামের বাসায় থাকবেন ইলিয়াস কাঞ্চন। আগেও চিকিৎসার সময় তিনি ওই বাসায় ছিলেন। এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকি থাকায় পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। এরপর তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসা নেন।
প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি নেন এই অভিনেতা। সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় তিনি ৬০টির বেশি কেমোথেরাপি গ্রহণ করেন। পরে তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপিও সম্পন্ন করেন।
ইলিয়াস কাঞ্চনের ছেলে জানিয়েছেন, চিকিৎসায় তার বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং টিউমারটি আগের তুলনায় অনেকটাই ছোট হয়েছে। তবে পুরোপুরি অপসারণ সম্ভব না হওয়ায় এবং কেমোথেরাপির ধাপ শেষ হওয়ায় এবার নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে ভাবছেন চিকিৎসকেরা।
লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ৩ আগস্ট পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার সঙ্গে দেখা করেন। গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন তিনি।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সম্প্রতি ইলিয়াস কাঞ্চন জানান, দেশে ফিরে তিনি স্বস্তি অনুভব করছেন এবং স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগছে। দ্রুত চিকিৎসা শেষ করে আবার দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।