বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমখেলাআইএলটি২০-তে অভিষেক হচ্ছে মিলার-ক্লাসেনের, ফিরছেন স্টয়নিস

আইএলটি২০-তে অভিষেক হচ্ছে মিলার-ক্লাসেনের, ফিরছেন স্টয়নিস

favicon
ভোরের আলো ডেস্ক:
আইএলটি২০-তে অভিষেক হচ্ছে মিলার-ক্লাসেনের, ফিরছেন স্টয়নিস

নভেম্বরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) পঞ্চম আসর। আসন্ন মৌসুমে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে এই প্রতিযোগিতায়।


দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের সঙ্গে সূচি সমন্বয়ের পর আইএলটি২০-তে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটাররা। ২০২৩ সালে দুই লিগের যাত্রা শুরুর পর থেকে তাদের সূচি প্রায় একই সময়ে হওয়ায় খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হচ্ছিল।


এবার প্রথমবারের মতো আইএলটি২০ খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টের পঞ্চম আসর। মিলার ও ক্লাসেন খেলবেন গালফ জায়ান্টসে।


এ ছাড়া নিউজিল্যান্ডের ফিন অ্যালেনও প্রথমবারের মতো আইএলটি২০-তে নাম লেখাচ্ছেন। তিনি খেলবেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।


মঙ্গলবার (১১ আগস্ট) আইএলটি২০-এর পঞ্চম মৌসুমের প্রাক-মৌসুম চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়। সেখানে মিলার, ক্লাসেন ও অ্যালেনের পাশাপাশি তিন বছর পর টুর্নামেন্টে ফিরেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।


আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। সেখানে আরও বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের আইএলটি২০-তে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে বিভিন্ন দলের হয়ে আগের মৌসুমের বেশ কয়েকজন তারকাও এবার ফিরছেন। আবুধাবি নাইট রাইডার্সে থাকছেন জেসন হোল্ডার ও সুনীল নারিন। ডেজার্ট ভাইপার্সে ফিরছেন শিমরন হেটমায়ার। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন রোভম্যান পাওয়েল ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।


এ ছাড়া এমআই এমিরেটসে থাকছেন নিকোলাস পুরান, রশিদ খান ও রোমারিও শেফার্ড। শারজাহ ওয়ারিয়র্সে ফিরছেন সিকান্দার রাজা।


বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স দলে ধরে রেখেছে আন্দ্রিজ গাউস ও ড্যান লরেন্সকে। অন্যদিকে গালফ জায়ান্টসে ফিরেছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।


তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে আইএলটি২০-এর পঞ্চম আসর এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।