সাভারে চারতলা ভবনে সিটিটিসির অভিযান, আটক ১
ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশ। অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি ভবন ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। অভিযানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও অংশ নেন। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দা ও বেসামরিক লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, এর আগে হেমায়েতপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটির সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা থাকতে পারে। অভিযানে জেএমবির কিছু প্রচারপত্র এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধারের কথাও জানানো হয়েছে।
অভিযান ও তদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।