শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমসারা দেশমানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ছিনতাই

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ছিনতাই

favicon
ভোরের আলো ডেস্ক:
মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ছিনতাই

মানিকগঞ্জে ছিনতাইকারীদের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন পূর্ব শানবান্দা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং একই গ্রামের মনোরঞ্জন পাল (৫০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পতিত পবন শীল ও তার ছেলে প্রবীর। পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে রড দিয়ে তাদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।


ছিনতাই হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং ৮৫ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।


তাদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।


খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


মানিকগঞ্জ সদর থানার এসআই সাঈদ হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ছিনতাইকারীর সংখ্যা ৩ থেকে ৪ জন। ঘটনার সময় বাজি ফাটার মতো শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।


ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।