‘গুপ্ত-সুপ্তরা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল’: আইনমন্ত্রী
ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীদের সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আজকে যারা গুপ্ত-সুপ্ত আছে, তারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন।’
রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সংকট রয়েছে স্বীকার করে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হবে না বলে জানান।
ইরান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে অস্থিরতার কারণে বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। বাংলাদেশ সরকার সবার শেষে তেলের দাম বাড়ানোর চেষ্টা করেছে।
বরিশালে আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনে আইনমন্ত্রী বার সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আইনজীবী সমিতির ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও দাবিদাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংসদ সদস্য অ্যাডভোকেট জয়েনউল আবেদীন, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।