নরসিংদীতে আবারও গ্যাস সংকট, বিপাকে বাসা-বাড়ি ও শিল্পকারখানা
নরসিংদীতে আবারও বাসাবাড়ি, কলকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১৭ আগস্ট) রাত থেকে এ সংকট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও গ্যাসনির্ভর প্রতিষ্ঠানগুলো।
গ্যাস না থাকায় সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি দেখা দিয়েছে। একই সঙ্গে বাসাবাড়িতে রান্নার গ্যাসের সংকটে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাক কারখানাগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে শিল্পসহ দেশের বিভিন্ন গ্যাসনির্ভর খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সংকট সমাধানে সরকারের কার্যকর উদ্যোগেরও দাবি জানিয়েছেন তারা।
তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, নরসিংদীতে গ্যাসের চাপ প্রায় নেই বললেই চলে। বর্তমানে যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, তা অগ্রাধিকার ভিত্তিতে দেশের সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় সরবরাহ করা হচ্ছে।
তিতাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় গ্যাসের চাপ না পাওয়া পর্যন্ত নরসিংদীর চলমান সংকটের সমাধান করা সম্ভব নয়।