বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ
বাংলাদেশে এমপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ নিশ্চিত করতে তাদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের এমপ্লয়মেন্ট ভিসায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে।
‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষে সেটি নবায়নেরও প্রয়োজন হয়। সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্ত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, একই বিধান অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই যেসব বিদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট হালনাগাদ রয়েছে, তাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বিধিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।
ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।