বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশচট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

চট্টগ্রামে সম্ভাব্য রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রামের বানৌজা ঈসা খান ঘাঁটিতে নৌবাহিনীর ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন সদস্য এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য অংশ নেন।


বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) বিভিন্ন অংশীজনের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে থাকে।


মহড়ায় রাসায়নিক দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ এবং আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অনুশীলন করা হয়।


এ ছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ, ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা কার্যক্রম পরিচালনার বিষয়গুলোও মহড়ায় অনুশীলন করা হয়।


নৌবাহিনী জানিয়েছে, বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা নিশ্চিত করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।