রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমসারা দেশদীঘিনালায় ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল

দীঘিনালায় ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল

favicon
ভোরের আলো ডেস্ক:
দীঘিনালায় ৩ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, প্লাবিত নিম্নাঞ্চল

খাগড়াছড়ির দীঘিনালায় মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টের মতো অতিপ্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পাহাড় ধসে খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।


শুক্রবার (২১ আগস্ট) রাত থেকে দীঘিনালায় টানা ভারি বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টিতে মেরুং, কবাখালী ও বোয়ালখালী এলাকার নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।


পানিতে আমনের খেত ডুবে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। আকস্মিক এই অতিবৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় বাসিন্দা সুজিত দে ও লোকমান হোসেন জানান, রাত ১২টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। ভোর পর্যন্ত প্রবল বর্ষণের পর সকাল ৪টার দিকে বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করে।


এদিকে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনায় খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ওই সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহনগুলোও ভোগান্তিতে পড়েছে।