রবিবার , ২৩ আগস্ট ২০২৬
রবিবার , ২৩ আগস্ট ২০২৬
হোমসারা দেশসম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল: গাড়িচালক

সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল: গাড়িচালক

favicon
ভোরের আলো ডেস্ক:
সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল: গাড়িচালক

নারী কেলেঙ্কারির ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান। শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।


ওবায়দুর রহমান দাবি করেন, গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর সম্পর্কের বিষয়টি জানতে পারার পর তিনি এর প্রতিবাদ করেন। এরপর তাকে অর্থের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়। এমনকি পাঁচ বছর সঙ্গে থাকলে তার জীবন বদলে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওবায়দুর।


ওবায়দুর জানান, তিনি অর্থের প্রস্তাব গ্রহণ করেননি। তবে তরুণীর নিরাপত্তা এবং অভিযোগের প্রমাণ সংগ্রহের কথা বিবেচনা করে গাজী নজরুলের গাড়িচালক হিসেবে কাজ করতে রাজি হন। গত ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত তিনি গাজী নজরুলের সঙ্গে ছিলেন এবং এ সময় তার বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন।


ওবায়দুরের দাবি, গত ১৮ জুন তিনি প্রথম ওই তরুণীর সঙ্গে গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরদিন তরুণীর সঙ্গে কথা বললে সে বিষয়টি স্বীকার করে। পরে ২০ জুন তরুণীকে সঙ্গে নিয়ে এমপি হোস্টেলে গিয়ে গাজী নজরুলের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। সেখানে গাজী নজরুল সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং তরুণীর মাধ্যমে তাকে অর্থ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজের প্রস্তাব দেন বলে দাবি করেন ওবায়দুর।


তিনি আরও অভিযোগ করেন, ২২ জুন মেট্রোরেলের পল্লবী স্টেশনের একটি কফি শপ এবং ৯ জুলাই মিরপুর-১২ এলাকার একটি প্রশিক্ষণকেন্দ্রে গাজী নজরুল ও ওই তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখেছেন। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।


ওবায়দুর জানান, ১৩ জুলাই মগবাজারের একটি রেস্টহাউসে গাজী নজরুল ও ওই তরুণীর অবস্থানের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। পরে ওই রাতে তরুণীকে নিয়ে ঢাকার বাইরে চলে যান তিনি। পরদিন ঢাকায় ফেরার পথে গাজী নজরুলের সঙ্গে যোগাযোগ করলে তার কথামতো খিলক্ষেত এলাকায় তরুণীর বাবা ও আমিনুর নামে এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়।


ওবায়দুরের অভিযোগ, ওই রাতে বাসায় ফেরার পর তরুণীর বাবা ও আমিনুর তার ওপর হামলা চালান এবং তাকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় রাত ১২টা ৩৮ মিনিটে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।


এ ঘটনায় ২১ জুলাই পল্লবী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন বলে জানান ওবায়দুর। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। কয়েকজন আসামি গ্রেফতার হলেও পরে আদালত তাদের জামিন দেন বলে দাবি করেন তিনি।


এর মধ্যে ২ আগস্ট ওবায়দুরের বিরুদ্ধে নারী অপহরণ, নারী পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তার বোন ও ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন।


ওবায়দুর রহমান আরও অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার মা ও পরিবারের সদস্যদেরও বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হচ্ছে। এ ঘটনায় ২০ আগস্ট পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান তিনি।


সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তবে তার করা অভিযোগগুলোর বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।