সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমবিনোদনআমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক

আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক

favicon
ভোরের আলো ডেস্ক:
আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক

লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে কখনো দেখা হয়নি—বলিউড অভিনেতা আমির খানের এমন বক্তব্যের পর রসিকতার সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াংচুক। তার দাবি, শুধু সাক্ষাৎই নয়, আমিরের সঙ্গে দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়ও হয়েছিল।


সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াংচুক বলেন, তাদের সাক্ষাৎকারের কথা আমিরের মনে না থাকার কারণ হিসেবে তিনি মজা করে ২০০৮ সালের সিনেমা ‘গজনি’র প্রসঙ্গ টানতে পারেন। তার ভাষ্য, আমির হয়তো চরিত্রের মধ্যে এতটাই ডুবে ছিলেন যে স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশের মতো পরিস্থিতিতে সাক্ষাতের কথা ভুলে গেছেন।


দীর্ঘদিন ধরে বলিউডে প্রচলিত ধারণা, রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি সোনম ওয়াংচুককে অনুসরণ করে তৈরি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান এই ধারণাকে ভুল বা ‘মিসকনসেপশন’ বলে উল্লেখ করেন।


আমিরের দাবি, সিনেমাটি নির্মাণের সময় তিনি ওয়াংচুক সম্পর্কে জানতেন না। এমনকি পরিচালক রাজকুমার হিরানি ও চিত্রনাট্যকার অভিজাত যোশিও তখন ওয়াংচুককে চিনতেন না বলে জানান তিনি।


এর পরিপ্রেক্ষিতে একটি পুরোনো ভিডিওর প্রসঙ্গ সামনে আনেন ওয়াংচুক। ওই ভিডিওতে এমন একটি অনুষ্ঠানে আমির খানকে দেখা যায়, যেখানে ওয়াংচুকও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিচ্ছিলেন।


ওয়াংচুক বলেন, তাদের সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং তারা দীর্ঘ সময় ধরে কথা বলেছিলেন এবং বিভিন্ন ধারণা ও বিষয় নিয়ে মতবিনিময় করেছিলেন।


রসিকতা করে তিনি বলেন, অভিনেতারা অনেক সময় চরিত্রের মধ্যে এতটাই গভীরভাবে ঢুকে যান যে বাইরের অনেক কিছু ভুলে যেতে পারেন। হয়তো আমির ‘গজনি’র চরিত্রে এতটাই নিমগ্ন ছিলেন যে ওই অনুষ্ঠানে ওয়াংচুকের সঙ্গে সাক্ষাতের কথাও তার মনে নেই।


তবে ‘থ্রি ইডিয়টস’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ওয়াংচুক। তিনি বলেন, কখনোই তিনি দাবি করেননি যে সিনেমাটি তার জীবনের সরাসরি প্রতিচ্ছবি কিংবা তার জীবনী অবলম্বনে নির্মিত।


ওয়াংচুকের ধারণা, তাদের আলোচনায় উঠে আসা কিছু ভাবনা আমির খান নিজের দলের সঙ্গে শেয়ার করে থাকতে পারেন এবং সেগুলো পরবর্তীতে ভিন্নভাবে সিনেমায় ব্যবহৃত হয়েছে। এমনও হতে পারে, সহ-লেখক বা পরিচালকরা এসব ধারণার মূল উৎস সম্পর্কে জানতেন না।


এ নিয়ে তার কোনো ক্ষোভ নেই বলেও জানান ওয়াংচুক। তার মতে, আলোচনার কোনো ধারণা সিনেমায় ব্যবহৃত হয়ে থাকলেও এতে তার আপত্তির কিছু নেই।


তিনি বলেন, এতে তার কোনো পার্থক্য পড়ে না—বিষয়টি ছেড়ে দেওয়াই ভালো।