সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমবিনোদনপাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের চোখে কৌতূহল

পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের চোখে কৌতূহল

favicon
ভোরের আলো ডেস্ক:
পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের চোখে কৌতূহল

বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’তে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে তাকে। এতে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি।


চরিত্রের প্রয়োজনে তৌসিফকে পেশাদার পাইলটের আদলে সাজতে হয়েছে। সাদা শার্ট, টাই, কালো প্যান্ট ও ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ এবং চোখে কালো চশমা—সব মিলিয়ে তার সাজ ছিল বেশ বাস্তবসম্মত। ফলে বিমানবন্দরে তাকে দেখে অনেকেই প্রথমে অভিনেতা হিসেবে চিনতে পারেননি।


সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে পাইলটের পোশাকে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা জানান তৌসিফ। এ সময় বেশ মজার পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও বলেন তিনি।


তৌসিফ বলেন, অভিনয়জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। নতুন নতুন চরিত্রে নিজেকে রূপান্তর করার এই সুযোগ তার কাছে সবসময় আনন্দের।


পাইলটের সাজে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, আশপাশের অনেকেই তাকে তৌসিফ মাহবুব হিসেবে চিনতে পারেননি। বরং পাইলট ভেবেই তার দিকে তাকাচ্ছিলেন। এমনকি নিয়মিত তার অভিনয় দেখেন—এমন দর্শকরাও কিছুটা বিভ্রান্ত হয়েছেন বলে জানান তিনি।


তৌসিফ জানান, বিষয়টি উপভোগ করতে ইচ্ছা করেই কিছুটা সময় মানুষের মধ্যে ঘোরাঘুরি করেছেন। বাংলাদেশি পাইলটদের পোশাকের ধরন অনুসরণ করে নিজের মাপ অনুযায়ী পোশাকটি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।


পাইলটের পোশাক পরার অনুভূতি জানিয়ে তৌসিফ বলেন, এই পোশাক পরেই তিনি উপলব্ধি করেছেন পাইলট পেশার প্রতি মানুষের সম্মান ও গর্বের বিষয়টি। পোশাকটির কারণে নিজেও কিছুটা বাড়তি সম্মান পাওয়ার অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি।


‘ক্যাফে আমব্রেলা’ মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। একাধিক চরিত্রের সমান্তরাল গল্প নিয়ে তৈরি এই কনটেন্টে তিন থেকে চারটি আলাদা গল্প পরস্পরের সঙ্গে যুক্ত হবে।


রোমান্স ও ড্রামা ঘরানার এ কনটেন্টের নামের সঙ্গে ‘ক্যাফে’ শব্দটি থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়। মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের বিভিন্ন দিকই গল্পে তুলে ধরা হবে।


বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ পর্যায়ের শুটিং চলছে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন লাক্স তারকা বিদুষী বর্ণিতা। আরও অভিনয় করছেন নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ, আরেফিন জিলানিসহ অনেকে।


জানা গেছে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।