সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমসারা দেশসিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ, ইয়াবা সেবনের দাবি নিয়ে প্রশ্ন

সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ, ইয়াবা সেবনের দাবি নিয়ে প্রশ্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ, ইয়াবা সেবনের দাবি নিয়ে প্রশ্ন

রংপুরের আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফল নেগেটিভ এসেছে। পরীক্ষায় তাদের শরীরে মাদক সেবনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে হত্যাকাণ্ডের আগে তারা ইয়াবা সেবন করেছিলেন—পুলিশের এমন দাবিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তের অংশ হিসেবে কারাগারে গিয়ে আসামিদের নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে ফলাফলে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।


রংপুর মেডিক্যাল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ জানান, ডোপ টেস্টের জন্য সিদ্ধার্থ ও মুগ্ধের প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ল্যাবরেটরিতে পরীক্ষার পর তাদের মাদক সেবনের কোনো প্রমাণ মেলেনি।


এর আগে আসামিদের গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছিল, ইয়াবা সেবনের উদ্দেশ্যে সিদ্ধার্থ ও মুগ্ধ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গিয়েছিলেন। সেখান থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয় বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছিলেন। ডোপ টেস্টের ফল নেগেটিভ আসায় পুলিশের ওই দাবিকে ঘিরে এখন নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ বলছে, ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ হলেও এর ভিত্তিতে পুরো হত্যাকাণ্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ঘটনাস্থলের আলামত, আসামিদের জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য, ফরেনসিক প্রতিবেদন এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য বিবেচনায় নেওয়া হবে।


ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না পাওয়ায় তদন্ত নতুন কোনো দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মামলাটি কোন দিকে যাচ্ছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে আসামিদের কাছ থেকে নেওয়া নমুনায় মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।