ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার-গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ওই পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে ফ্যাক্টরির আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবাইল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।