রোজার পরই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী
এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সবকিছু বিবেচনায় নিয়ে রোজার পরই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।
এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এই খাতে কী কী দুর্বলতা রয়েছে, তা সরকার জানে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ ক্ষেত্রে দেশটির উল্লেখযোগ্য সাফল্যও রয়েছে। চীনের সেই অভিজ্ঞতা বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায়, তা জানতেই দেশটির আমন্ত্রণে প্রতিনিধি দল সফর করেছে।
দেশে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যেই চীনা ভাষা ও কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা।