মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেফতার

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০) এবং মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।


ধানমন্ডি মডেল থানা পুলিশ জানায়, রোববার (৩০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডির ১২ নম্বর রোডে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের দুই সদস্য তানভীর আবেদীন ওরফে জুই এবং মো. মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তানভীরের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।


পরে গ্রেফতার মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।