শিক্ষাক্ষেত্রে বাজেটের কোনো অভাব নেই: শিক্ষামন্ত্রী
বাংলাদেশে মেয়েদের জন্য চালু করা উপবৃত্তি কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রথম চালু হওয়া এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশেও দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, **শিক্ষাক্ষেত্রে বাজেটের কোনো অভাব নেই।** শিক্ষা খাতে কাজ করার ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই। তবে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার জন্য বাজেট বাড়িয়ে দিচ্ছেন। স্কাউটের জন্য বাজেট বাড়ানোর ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে বলে অনুষ্ঠানে তাকে একটি স্লিপের মাধ্যমে জানানো হয়েছে।
উপবৃত্তি কর্মসূচির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের এই উদ্যোগ অনুসরণ করে আফ্রিকার অনেক দেশেও শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এমনকি এক আফ্রিকান চিকিৎসক প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, এই কর্মসূচির সুযোগ-সুবিধার কারণেই তিনি চিকিৎসক হতে পেরেছেন।
তিনি বলেন, একটি শিক্ষা কর্মসূচি কীভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে, ওই চিকিৎসকের ঘটনা তারই উদাহরণ।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও স্কাউট নিয়ে কথা বলেছেন। স্কাউটদের সঙ্গে তিনি কতটা আন্তরিকভাবে সময় কাটিয়েছেন, তা তারা নিশ্চয়ই মনে রেখেছে। প্রধানমন্ত্রী সব সময় তাদের খোঁজখবর রাখেন বলেও উল্লেখ করেন তিনি।