‘বিগ বস’-এর সেটে পাপারাজ্জিদের ওপর বিরক্ত সালমান
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় আবারও ফিরছেন বলিউড তারকা সালমান খান। এরই মধ্যে ‘বিগ বস ২০’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা।
সম্প্রতি শুটিং সেটে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সালমান। এদিন তাঁর পরনে ছিল ব্যতিক্রমী কাউবয় লুক। তবে ছবি তোলার সময় ফটোগ্রাফাররা নির্ধারিত দূরত্ব বজায় না রাখায় একপর্যায়ে বিরক্তি প্রকাশ করেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘বিগ বস’-এর মঞ্চের সামনে দাঁড়িয়ে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছেন সালমান। এ সময় তাঁদের মঞ্চ থেকে কিছুটা দূরে থাকার নির্দেশ দেন তিনি।
ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, ‘এটা আমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার কোনো প্রয়োজন আমার নেই।’ পরে আরও ছবি তোলার অনুরোধ জানালে বিরক্তির সুরে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘ফুটেজ... ফুটেজ... ফুটেজ।’
এদিন সালমানের পোশাকেও ছিল বিশেষ আয়োজন। গাঢ় বাদামি লেদারের কাউবয় হ্যাটের সঙ্গে ছিল রুপালি স্টিয়ার বাকল। হাতে ছিল তাঁর ট্রেডমার্ক ফিরোজা রঙের ব্রেসলেট। নেভি টি-শার্ট, অলিভ-গ্রিন ভেস্ট, ডেনিম ও রুপালি ডিটেইলিংয়ের বেল্টে সম্পূর্ণ হয় তাঁর লুক।
তবে শুধু একাই পাপারাজ্জিদের জন্য পোজ দেননি সালমান। ‘বিগ বস ২০’-এর পাপারাজ্জি ও শুটিংয়ের কলাকুশলীদের সঙ্গেও তাঁকে ছবি তুলতে দেখা যায়।
পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ‘বিগ বস’-এর মঞ্চ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেতা।
জানা গেছে, আগামীকাল ৬ সেপ্টেম্বর কালার্স টিভিতে প্রিমিয়ার হবে ‘বিগ বস ২০’। একই সঙ্গে জিওহটস্টারেও দেখা যাবে অনুষ্ঠানটি।