সবুজবাগে বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে কাতারপ্রবাসী যুবক খুন
রাজধানীর সবুজবাগে বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে খুন হয়েছেন কাতারপ্রবাসী এক যুবক। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিফাত। তিনি যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সবুজবাগের একটি বাসায় এক নারী শিক্ষার্থী ভাড়া থাকেন। পাশাপাশি তিনি অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত। রোববার বিকেলে ওই বাসায় বেড়াতে যান সিফাত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সিফাত সেখানে যাওয়ার পর এলাকার কয়েকজন যুবক ওই বাসায় ঢুকে তার ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে সিফাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সিফাত কয়েকজনকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে সিফাত বাসা থেকে নিচে নামলে হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সিফাতের বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।