জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবো না: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না এনসিপি। বিএনপি যেন এমন কোনো প্রত্যাশা না করে। নিজেদের রাজনৈতিক কর্মসূচি দলটি নিজেরাই নির্ধারণ করবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এসব কথা বলেন সারজিস আলম।
বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপির আমাদের শেখানোর প্রয়োজন নেই, আমরা কীভাবে কর্মসূচি করব। তারা বলছে এটা লং মার্চ নয়, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদেরটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর তারটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।’
বিএনপিকে উদ্দেশ করে সারজিস বলেন, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ ছিল। ‘আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন মাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লং মার্চ শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা সেই বালুর ট্রাকও সরাতে পারেননি। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে এর ফলাফল কখনো ভালো হবে না।’
বাক্স্বাধীনতার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, সংগঠনের একজন সদস্য প্রধানমন্ত্রীকে সমালোচনা করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে এবং রিমান্ডে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিস বলেন, ‘তারেক রহমান বাক্স্বাধীনতার কথা বলেন—এগুলো মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কি আমরা মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভেতরের কথা আর এক?’
সিফাত নামের এক তরুণের বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন সারজিস। তিনি বলেন, সিফাত যে ধরনের গালিগালাজ করেছেন, এনসিপি তা সমর্থন করে না। তবে তার বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা মামলা’ এবং পুরোনো সন্ত্রাসবিরোধী মামলা বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ জেলার নেতাকর্মীরা।