মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশঅভয়নগরে চরমপন্থী দলের সক্রিয় সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অভয়নগরে চরমপন্থী দলের সক্রিয় সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
অভয়নগরে চরমপন্থী দলের সক্রিয় সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য বাহারুল মল্লিকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসা ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।


নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে নিষিদ্ধ একটি চরমপন্থী সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে এলাকায় প্রচলিত রয়েছে। তিনি এলাকায় নিয়মিত আসতেন না; মাঝে মাঝে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন।


স্থানীয়রা জানান, সোমবার ভোরে গ্রামের একটি রাস্তার পাশে বাহারুলকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


পুলিশ জানায়, বাহারুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্ত বা প্রতিপক্ষ চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা তাকে গুলি করে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে যায়।


পুলিশ আরও জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট চরমপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ দল কাজ করছে।