কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, আটক ৩
কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হাজিপাড়া এলাকার একটি আবাসিক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী ফারহানা ও তাদের এক সহযোগী।
ডিএনসি কর্মকর্তারা জানান, হাজিপাড়ার একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে দেশের বিভিন্ন এলাকায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে বাড়িটি ঘিরে অভিযান চালানো হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই বাড়িটি ইয়াবা মজুত ও অর্থ লেনদেনের নিরাপদ ট্রানজিট হিসেবে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।