ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি, কোকাকোলা ও পচা ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। তার অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে বাঁধনের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা ভাই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে ফেসবুক লাইভে বাঁধনের চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। মুখেও আঘাতের চিহ্ন রয়েছে বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার বর্ণনা দিয়ে বাঁধন বলেন, তিনি ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তার সঙ্গে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারেন। এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট শিশুও ছিল বলে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, তার ফোন ফেলে দেন এবং কানের কাছেও আঘাত করেন।
তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। বাঁধন বলেন, তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এ পরিচয় নিয়ে তিনি গর্বিত। তার দাবি, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। পাশাপাশি তারা পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন।
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন এই অভিনেত্রী।