ভারতে পালানোর সময় আখাউড়ায় গ্রেপ্তার দুই হত্যা মামলার আসামি
ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ইদ্রিস আলী (৪০) নামে আশুলিয়া থানার দুটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন তিনি।
এ সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তার কাগজপত্র ও তথ্য যাচাই করলে ঢাকার আশুলিয়া থানায় ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র-জনতার ওপর হামলা, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগও রয়েছে ইদ্রিস আলীর বিরুদ্ধে। এ ছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. শরীফুল ইসলাম বলেন, ‘ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশনে আসেন। এ সময় ডাটাবেজ যাচাই করে দেখা যায়, তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।’