বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকের একজন ছেলে ও অন্যজন মেয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নতুন বাজার বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় ময়লা পরিষ্কার করতে যান। ময়লা গাড়িতে তোলার সময় জাকির নামে এক পরিচ্ছন্নতাকর্মীর নজরে আসে কাচের পাত্রে রাখা দুটি নবজাতকের মরদেহ।
জাকির জানান, ময়লা পরিষ্কার করার সময় তিনি দুটি কাচের পাত্রের মধ্যে নবজাতক দুটিকে দেখতে পান। একটি ছোট পাত্রে এবং অন্যটি তুলনামূলক বড় বোতলের ভেতরে ছিল। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি হেফাজতে নেন।
স্থানীয়দের ধারণা, অবৈধভাবে গর্ভপাত বা সন্তান প্রসবের পর কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক থেকে মরদেহ দুটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।