ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী
ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেই নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিবাদ করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা অনেক নারীও নিপীড়নের শিকার হয়েছেন।
নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে এ সংকটের সমাধান করা সম্ভব নয়। তবে ধীরে ধীরে গ্যাসের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈদেশিক কর্মসংস্থান প্রসঙ্গে রিজভী বলেন, এ খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন।