বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশমাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (২৮) নামে এক কাতারপ্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


মঙ্গলবার রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত আইভী আক্তার কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আইভী আক্তার কালিকাপুর এলাকায় তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যার দিকে জরুরি পারিবারিক কাজে কালাম শরীফ ও তার স্ত্রী বাড়ির বাইরে গেলে ঘরে একা ছিলেন আইভী।


এই সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।


রাত আনুমানিক ৮টার দিকে কালাম শরীফ বাড়িতে ফিরে ঘরের মেঝেতে আইভীর রক্তাক্ত ও নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত কি না, কিংবা ডাকাতি, পারিবারিক বিরোধ অথবা অন্য কোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।