বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশহিলিতে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

হিলিতে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

favicon
ভোরের আলো ডেস্ক:
হিলিতে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার জব্দ করা এবং আদালতের নির্দেশে বাজেয়াপ্ত প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ বিভিন্ন পণ্য প্রকাশ্যে ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমোদন শেষে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হিলির জালালপুর এলাকায় গোহারা শ্মশানঘাট সংলগ্ন পৌরসভার নির্ধারিত ময়লার ডিপোতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় এক্সক্যাভেটর ও ভারী রোড রোলার দিয়ে পণ্যগুলো পিষে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় গভীর গর্ত করে সেগুলো মাটিচাপা দেওয়া হয়।


কাস্টমস সূত্রে জানা গেছে, ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ব্যবহারের অনুপযোগী বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যদ্রব্য, অবৈধ ভারতীয় তামাকজাত পণ্য এবং নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী। সাধারণ রেজিস্ট্রি (জিআর) ভুক্ত এসব পণ্যের মোট পরিমাণ প্রায় ১ দশমিক ৫ মেট্রিক টন। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।


পণ্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন পণ্য ধ্বংস কমিটির আহ্বায়ক ও রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. ফয়সল বিন রহমান, হিলি স্থল কাস্টমসের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম।


এ ছাড়া বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।