ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৮ কর্মী আটক
ময়মনসিংহের ভালুকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আট কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খারুয়ালী এলাকার একটি ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়। ভালুকা মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬) ও তার ভাই সিয়াম (১৯), একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজারের শামীমের ছেলে রনি (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খারুয়ালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা দ্রুত পালিয়ে গেলেও আটজনকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আট কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।