ধানখেতের পাশ থেকে তিন বস্তায় ছয় টুকরো মরদেহ উদ্ধার
ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাত পুরুষের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশ থেকে মরদেহের বিচ্ছিন্ন অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে মহাসড়কের পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা তিনটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বস্তাগুলো দেখে সন্দেহ হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার ও মধুখালী থানার উপপরিদর্শক মাসুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলোর মুখ খুললে সেখান থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের ছয়টি বিচ্ছিন্ন মরদেহের অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং কারা মরদেহটি টুকরো করে বস্তাবন্দি করে সেখানে ফেলে গেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পরও পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহত ব্যক্তির পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।