রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমবিনোদনবিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, স্বামী আল-আমিন চৌধুরী

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, স্বামী আল-আমিন চৌধুরী

favicon
ভোরের আলো ডেস্ক:
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, স্বামী আল-আমিন চৌধুরী

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিষয়টি জানিয়েছেন পায়েল।


প্রকাশিত ছবিতে লাল জমকালো শাড়িতে দেখা যায় তাকে। পরিবারের সদস্যদের পাশাপাশি ছবিগুলোতে তার স্বামী আল-আমিন চৌধুরীকেও দেখা গেছে।


বিয়ের ছবি প্রকাশ করে ইসরাত পায়েল লিখেছেন, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছে। বর্তমান সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।


পায়েলের এই পোস্টের পর বিয়েটি কবে হয়েছে, তা নিয়ে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে মন্তব্যের ঘরে বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, কয়েক দিন আগেই তাদের বিয়ে হয়েছে। আল্লাহ চাইলে তারা সারাজীবন একসঙ্গে থাকবেন বলেও মন্তব্য করেন পায়েল।


জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।


ইসরাত পায়েল দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা ও বিভিন্ন বড় আয়োজনের উপস্থাপনায় কাজ করছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করেও দর্শকদের নজর কাড়েন।


পরবর্তীতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।