রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশচাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দি ৩ হাজার পরিবার

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দি ৩ হাজার পরিবার

favicon
ভোরের আলো ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দি ৩ হাজার পরিবার

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে। পদ্মা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও ফারাক্কার সব জলকপাট খুলে দেওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি আর বাড়েনি। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে শিবগঞ্জ ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতেও। এ ছাড়া প্রায় ৩৫০ হেক্টর আমন ধান ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।


শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ইতোমধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। গত দুই দিনে পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নে ১১ টন চাল বিতরণ করা হয়েছে। রোববার থেকে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, পানিবন্দি মানুষের সহায়তায় প্রশাসন কাজ করছে। আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের ১ হাজার ৮০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ১৮ টন চাল দেওয়া হয়েছে।


পানিবন্দি মানুষেরা জানান, তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পানির উৎসগুলো তলিয়ে যাওয়ায় দূরের এলাকা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি গবাদিপশু রাখা ও রান্নার কাজেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।


চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মার পানি বেড়েছে। শনিবার ও রোববার পানি স্থিতিশীল থাকতে পারে। তবে সোমবার থেকে নদীর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।