শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪, ৩ জনের মরদেহ উদ্ধার
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ডুবুরি দল ও স্থানীয়দের তৎপরতায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া তিনজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর উপজেলার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)। নিখোঁজ শান্ত (২৪)কে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তাদের সন্ধান না পাওয়ায় রাতের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলের আশপাশে প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে কালীগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শান্তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পুলিশ জানায়, মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নদীর প্রবল স্রোতে তিনজন পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে স্বজন সৌরভও পানিতে ডুবে নিখোঁজ হন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ শান্তকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলছে। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।