রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।


শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আশাদুলকে গুলি করলে তিনি নিহত হন বলে জানা গেছে।


নিহত আশাদুল হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।


এ ঘটনায় একই গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) এবং মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করে বিএসএফ।


দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশির মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।


পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে একজন বাংলাদেশির মৃত্যুর খবর তারা জানতে পেরেছেন।


এদিকে নিহত আশাদুল হকের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।