রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশসুমন হত্যার তিন মাসের মাথায় চাচা রবি খুন

সুমন হত্যার তিন মাসের মাথায় চাচা রবি খুন

favicon
ভোরের আলো ডেস্ক:
সুমন হত্যার তিন মাসের মাথায় চাচা রবি খুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলায় রবিউল ইসলাম রবি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন। নিহত রবি গত ২৬ জুন একই এলাকায় কুপিয়ে হত্যা করা কলেজছাত্র সুমন শেখের চাচা।


শনিবার রাতে আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন মোক্তার বিশ্বাস (৫০), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে কাশিয়ানী সদর বাজারের একটি চায়ের দোকান বন্ধ করে আরও তিনজনের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন রবি। তারা মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়।


গুরুতর আহত রবি ঘটনাস্থলেই মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলায় তার সঙ্গে থাকা আরও তিনজনও আহত হন।


এর আগে গত ২৬ জুন সন্ধ্যায় একই ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া গ্রামের উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। সুমন ছিলেন আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম. এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত রবি ছিলেন তার চাচা।


স্থানীয়দের ভাষ্য, বড়ভাগ গ্রামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গ্রাম্য বিরোধ চলে আসছে। প্রায় চার বছর ধরে এই বিরোধকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুমনকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।


স্থানীয়রা আরও দাবি করেন, সুমন হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হয়েছেন। তাদের জামিনে মুক্তির পর এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়। এর মধ্যেই এবার সুমনের চাচা রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডের শিকার হলেন।


আলফাডাঙ্গা থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেউ জামিনে বের হয়ে এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।