৪০ ঘণ্টা পর বিএসএফের গুলিতে নিহত আশাদুলের মরদেহ হস্তান্তর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আশাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে চান্দেরহাট সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আশাদুল হক (৩৫) নিহত হন। ভারতের দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর চকসিমানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন বলে জানা গেছে।
নিহত আশাদুল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
এদিকে, একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তারা হলেন পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) এবং মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫)। আটক দুজনকে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তবে তাদের এখনো বাংলাদেশে ফেরত দেওয়া হয়নি।