মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশদেশজুড়ে বাড়ছে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য, ঝুঁকিতে রোগীরা

দেশজুড়ে বাড়ছে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য, ঝুঁকিতে রোগীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশজুড়ে বাড়ছে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য, ঝুঁকিতে রোগীরা

সারাদেশে চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন, স্বাস্থ্য অধিদফতরের তদারকি এবং আদালতের নির্দেশনা—কোনো কিছুই যেন থামাতে পারছে না এসব অনিয়ম।


যমুনা টেলিভিশনের এক অনুসন্ধানে উঠে এসেছে, দেশে প্রায় ১০ হাজার ভুয়া চিকিৎসক কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা বা বিএমডিসির সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছেন।


এসব ব্যক্তির অনেকেই চিকিৎসকের পরিচয় ব্যবহার করে রোগী দেখছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা দিচ্ছেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসার কারণে স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন।


বিএমডিসি ও স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, লোকবল সংকটের কারণে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কার্যকরভাবে অভিযান পরিচালনা ও ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে অনেক ক্ষেত্রে অভিযোগ ও অনিয়মের তথ্য থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।


তবে জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান আইনগত ক্ষমতা ও সক্ষমতার পুরোপুরি ব্যবহার করছে না। তাদের মতে, কর্তৃপক্ষ আন্তরিকভাবে উদ্যোগ নিলে চিকিৎসার নামে প্রতারণা করা এসব ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া এবং তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব।


বিশেষজ্ঞরা মনে করছেন, চিকিৎসার মতো স্পর্শকাতর পেশায় ভুয়া পরিচয়ে রোগী দেখানোর প্রবণতা বন্ধে নিয়মিত নজরদারি, দ্রুত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও নিবন্ধিত ও বৈধ চিকিৎসকের পরিচয় যাচাই করে চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।