বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশমাদকমুক্ত সমাজ গড়তে শীর্ষ চোরাকারবারিদের আইনের আওতায় আনার আহ্বান আইনমন্ত্রীর

মাদকমুক্ত সমাজ গড়তে শীর্ষ চোরাকারবারিদের আইনের আওতায় আনার আহ্বান আইনমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদকমুক্ত সমাজ গড়তে শীর্ষ চোরাকারবারিদের আইনের আওতায় আনার আহ্বান আইনমন্ত্রীর

মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


আইনমন্ত্রী বলেন, মাদক পাচারের কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি এড়াতে এখন ড্রোনের মাধ্যমেও মাদকের চালান আসছে। অথচ এসব মাদক সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ও হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।


তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে শুধু খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেই হবে না। এর সঙ্গে জড়িত শীর্ষ চোরাকারবারি ও সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।


মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত সরকারের আমলে শুধু বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিরোধী মতের অনেক মানুষ গুম ও বিচারবহির্ভূত ক্রসফায়ারের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।


তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ওই অমানবিক ও বেআইনি সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


মতবিনিময় সভায় বাগেরহাটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।