এক্সপ্রেসওয়েতে মিছিলের প্রস্তুতি, শ্রীনগরে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলভি (২৫), ফয়সাল (২৯), অপুর্ব (৩৫), রাতুল (১৮), সুমন (৩৮), লালন (৩৮), সৈকত (৩২), সিয়াম (২৯), মামুন (১৯) ও অহিদুল ইসলাম (২৪)। পুলিশ জানিয়েছে, তারা সবাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা মাওয়া ঘাট এলাকায় খাওয়া-দাওয়া শেষে ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।