সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ব্রিটেনিয়া সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১)। তিনি শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে হলেও পরিবারের সদস্যরা ঢাকার মোহাম্মদপুরে থাকেন। বিশ্ববিদ্যালয়ের কাছের সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন তিনি।
নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, সাঁতার কাটার সময় প্রিয়ম কয়েকবার প্রায় ৯ ফুট গভীর পানিতে গিয়েছিলেন এবং আবার ফিরে এসেছিলেন। পরে অন্যরা সাঁতারে ব্যস্ত থাকার সময় তিনি কখন গভীর পানিতে চলে যান, তা কেউ খেয়াল করতে পারেননি। পরে সুইমিংপুলের কর্মীরা তাকে গভীর পানি থেকে উদ্ধার করেন।
ফায়াজ জানান, উদ্ধারের পর প্রিয়মের শরীরে ঝাঁকুনি দেওয়া হলে তিনি বমি করেন এবং শ্বাস নিচ্ছিলেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রিটেনিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, নিয়ম অনুযায়ী সাঁতার না জানা ব্যক্তিদের ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়। তবে প্রিয়ম ৯ ফুট গভীর এলাকায় চলে গিয়েছিলেন।
ঘটনার বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শিক্ষার্থীর মৃত্যুতে তারা অত্যন্ত মর্মাহত। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
এদিকে বিমানবন্দর থানার পরিদর্শক আব্দুস সালাম জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ওই সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। পরে এক শিক্ষার্থীকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।