টাঙ্গাইলে কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, মা আটক
টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের শিশু আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির আট বছরের বোন সিদরাতুলও আহত হয়েছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আকলিমাকে হেফাজতে নেয় সখীপুর থানা পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক কন্যাসহ আকলিমা বেগমকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়।
আশরাফুলের বয়স ৪০ দিন হওয়ার পর তাকে নাসিমার কাছে রেখে আকলিমা ঢাকার একটি পোশাক কারখানায় কাজে চলে যান। এরপর নাসিমার কাছেই বড় হতে থাকে শিশুটি। এ কারণে আশরাফুল নাসিমাকে ‘বড় মা’ এবং আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত।
পরিবারের সদস্যদের দাবি, বুধবার গভীর রাতে আকলিমা তার ছেলে আশরাফুল ও মেয়ে সিদরাতুলকে ছুরিকাঘাত করেন। এতে আশরাফুল গুরুতর আহত হলে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় সিদরাতুলও আহত হয়।
ঘটনার পর আকলিমা আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে সকালে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ঘটনাস্থলটি সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। আহত শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল এবং তার মরদেহ সেখানেই রয়েছে। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।