সালমানকে রোস্ট নয়, ভাইরাল ভিডিও নিয়ে আসল ঘটনা জানালেন সোনু
সালমান খানের গান নিয়ে গায়ক সোনু নিগমের ‘রোস্ট’ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হলেও সোনু নিগম জানিয়েছেন, ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি সালমানের গান শুনে ওই প্রতিক্রিয়া দেখিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সালমান খান ফিল্মসের পক্ষ থেকে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে গানটির সুরকার আমাল মালিকের নাম উল্লেখ না থাকায় আপত্তি জানান তিনি। পরে পোস্টটি সংশোধন করে আমালের নাম যুক্ত করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কও তৈরি হয়।
এরই মধ্যে পুরোনো একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সালমান খান ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি গাইছেন। আর সেই দৃশ্যের সঙ্গে সোনু নিগমের মুখভঙ্গি ও কপালে হাত দেওয়ার দৃশ্য যুক্ত করা হয়েছে। ভিডিওটির ওপর ‘সোনু নিগম রোস্ট সালমান খান সিংগিং’ লেখা থাকায় অনেকেই ধারণা করেন, সালমানের গান শুনেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন সোনু।
পরে নিজের ইনস্টাগ্রাম ফিডে ভিডিওটি শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন সোনু নিগম। তিনি জানান, ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে প্রকাশ করা হয়েছে, যেন মনে হয় তিনি সালমান খানের গান নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। বাস্তবে তার সেই প্রতিক্রিয়া ছিল পাকিস্তানি কিশোরী গায়িকা হাদিয়া হাশমির একটি গান শুনে।
সোনু জানান, ভিডিওটি তার পুরোনো একটি প্রতিক্রিয়া থেকে নেওয়া। ওই সময় তিনি হাদিয়া হাশমির ‘বল হু’ গান শুনছিলেন।
গায়ক অনীশ ম্যাথিউও ভিডিওটির বিষয়ে মন্তব্য করে জানান, তিনি মূল ভিডিওটি মনে করতে পারছেন। তার দাবি, হাদিয়া হাশমির ‘বল হু’ গান শোনার পরই সোনু নিগম ওই প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
২০২০ সালে হাদিয়া হাশমির ‘বল হু’ পরিবেশনার ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনু। গানটি শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন পর কোনো গান তাকে এভাবে স্পর্শ করেছে বলে জানিয়েছিলেন। অভিনেতা জাভেদ জাফরি গানটি তাকে শুনতে পাঠিয়েছিলেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।
অন্যদিকে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয় সালমান খান ফিল্মসের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ সিনেমার গানটির সুরকার আমাল মালিক। গানটির মূল কণ্ঠ দেন সালমান খান এবং রিপ্রাইজ সংস্করণে কণ্ঠ দেন আরমান মালিক।
পোস্টে আমালের নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। পরে পোস্ট সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। তবে এরই মধ্যে আমাল ও আরমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
এই বিতর্কের সময় সোনু নিগমের পুরোনো ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় সালমানের গান নিয়ে তার অবস্থান নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। পরে সোনুর ব্যাখ্যায় স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওটির মূল প্রতিক্রিয়া সালমান খানের গানকে ঘিরে ছিল না।