কুবি মাঠে আজ শিশু অপ্রতিমের প্রথম জানাজা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বেলা ১১টার দিকে দক্ষিণ বাগমারা কোটবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই অপ্রতিমকে দাফন করা হবে।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাত ৮টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।