রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশশিশু কলি হত্যায় গ্রেপ্তার আসামির বাড়িতে দ্বিতীয় দফায় হামলা-ভাঙচুর

শিশু কলি হত্যায় গ্রেপ্তার আসামির বাড়িতে দ্বিতীয় দফায় হামলা-ভাঙচুর

favicon
ভোরের আলো ডেস্ক:
শিশু কলি হত্যায় গ্রেপ্তার আসামির বাড়িতে দ্বিতীয় দফায় হামলা-ভাঙচুর

পাবনায় চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন উত্তেজিত গ্রামবাসী।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে গ্রামবাসীরা বিভিন্ন দেশীয় সরঞ্জাম নিয়ে মোস্তফা প্রামাণিকের দ্বিতল বাড়িতে ভাঙচুর চালান। এর আগে শুক্রবারও তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ১০ বছর বয়সী কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে শিশুটিকে মোস্তফার মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


এ ঘটনায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।