রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশঅপ্রতিমের মৃত্যুর খবর শেয়ার করে আটক হওয়ার আগে যা লিখেছিলেন আনাস

অপ্রতিমের মৃত্যুর খবর শেয়ার করে আটক হওয়ার আগে যা লিখেছিলেন আনাস

favicon
ভোরের আলো ডেস্ক:
অপ্রতিমের মৃত্যুর খবর শেয়ার করে আটক হওয়ার আগে যা লিখেছিলেন আনাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় শাহরিয়া আনাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকের আগে অপ্রতিমের মৃত্যুর খবরসংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে শোক প্রকাশ করেছিলেন আনাস।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওই পোস্ট দেন তিনি। সেখানে অপ্রতিমের সঙ্গে তার পরিচয় ও কথোপকথনের কথা উল্লেখ করে আনাস লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাদের কাছে দামি জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ। আল্লাহ তার মা, বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।’


অপ্রতিমের সঙ্গে নিজের কথোপকথনের স্মৃতিও পোস্টে তুলে ধরেন আনাস। তিনি লেখেন, ‘মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলত যে ভাই কই আছ ছবি তুলব কয়েকটা। আসলে এগুলো ভেবে এখন খারাপই লাগতেছে।’


এর আগে শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে কোটবাড়ী এলাকার ভাড়া বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মোবাইল ফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।


অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিন নামে এক তরুণকে দেখা যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ফাহিম আহমেদসহ আরও দুজনকে আটক করা হয়েছে।


অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।